নগরের পাঁচলাইশে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ইকরামের স্ত্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকরামের স্ত্রী সূচির অভিযোগ, চট্টগ্রামের চিহ্নিত ‘বড় সাজ্জাদ বাহিনীর’ সদস্যরা তার স্বামীকে লক্ষ্য করে গুলি করেছেন। ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকেই তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে বিভিন্ন সময়ে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
সূচি জানান, সোমবার দুপুরে ইকরাম তার বাবার বাসার নিচের গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইল নামে কয়েকজনকে ইকরাম চিনতে পেরেছেন বলে জানান তিনি।
সূচি বলছেন, দঅভিযুক্তদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায়ও তারা মামলা করবেন। একই সঙ্গে স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
পাঁচলাইশ মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে। গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

