লোহাগাড়ায় হানিফ পরিবহনের ধাক্কায় সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শামসুল আলমের (৬০) বাড়ি উপজেলার চুনতি শাহ সাহেব গেট এলাকায়। তিনি মৃত আবদুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় বাইসাইকেল নিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। এ সময় একই দিক থেকে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান। স্থানীয়রা বাসটি আটক করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোরে উপজেলার চুনতি হাটিকালচার নার্সারির সামনে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে এসপি ট্রাভেলসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও কেউ হতাহত হননি। পরে পুলিশ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে সংঘর্ষে জড়ানো বাস দুটি জব্দ করা হয়েছে। বৃদ্ধ নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

