সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারের এক ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের ক্যান্টিনে নারী কর্মীদের সামনেই ওই ঘটনা ঘটে। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী কর্মী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. জাস্টিন ক্লাম্প। তিনি এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন। ভুক্তভোগী ক্যান্টিন কর্মীর নাম মো. কাইয়ুম (৩১)। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
এপিকের প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিত ক্যান্টিন থেকে সিঙ্গারা খান। মঙ্গলবার সিঙ্গারা খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। এ সময় কাইয়ুমকে দ্রুত তাঁর কাছে যেতে বলেন। কাইয়ুম সামনে গেলে চিকিৎসক তাঁর প্যান্টের জিপার খুলে নারী কর্মীদের সামনেই অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে।
এতে কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করাতে তাঁকে আবার এপিকে আনা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. জাস্টিন ক্লাম্প তা অস্বীকার করেন। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানা নেই।’ পরে তিনি বলেন, ‘আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে ওনাদের কাছেই জিজ্ঞেস করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এপিকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, নারী কর্মীদের সামনেই কাইয়ুম নামের এক ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরার ঘটনা ঘটেছে। একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, কাইয়ুমের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে নারী কর্মীদের সামনে ঘটনাটি ঘটায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অপদস্থ বোধ করছেন। ঘটনার সময় তিনি নিজে সভায় ছিলেন। পরে ভুক্তভোগী কর্মী তাঁকে বিষয়টি জানান।
ওই কর্মকর্তা বলেন, অভিযুক্ত চিকিৎসক এপিকের বেতনভুক্ত কর্মচারী নন। তাই এ ঘটনায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

