চাঁদপুরে বাল্যবিবাহের তথ্য গোপন করে নোটারির মাধ্যমে হলফনামা সম্পাদনের অভিযোগে আইনজীবী রেহেনা ইয়াসমিন কচিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নোটারি পাবলিক হিসেবে নিয়োগপত্র বাতিলের বিষয়ে কেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে আদেশের অনুলিপি পাঠানো হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ২(১) ধারা অনুযায়ী, বিবাহের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ না করা পুরুষ এবং ১৮ বছর পূর্ণ না করা নারী অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হন। কিন্তু গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সম্পাদিত বিয়ের হলফনামায় ফরিয়াদিকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির বাল্যবিবাহ সম্পাদন ও পরিচালনা একই আইনের ৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া এ ধরনের কর্মকাণ্ড The Notaries Ordinance, 1961-এর ১০ ধারা অনুযায়ী পেশাগত অসদাচরণ হিসেবেও বিবেচিত।
এ অবস্থায় সংশ্লিষ্ট হলফনামার নোটারি সম্পাদন ও পরিচালনার সঙ্গে যুক্ত আইনজীবী রেহেনা ইয়াসমিন কচির নোটারি পাবলিকের নিয়োগপত্র বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আদেশের অনুলিপি পাঠানোর প্রসঙ্গ উল্লেখ করেছেন আদালত।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে আইনজীবীকে আগামী ২৪ নভেম্বর আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাল্যবিবাহের মতো অপরাধে নোটারি হলফনামার অপব্যবহার রোধ এবং এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে আদালতের এ আদেশ ভূমিকা রাখবে।

