মহানগর

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে বন্যার্তদের খাদ্য সহায়তা

৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ

সুপ্রভাত ডেস্ক »

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত বান্দরবান, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

-advertise-

এ মানবিক সেবা কার্যক্রম ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সাইফুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের রোটারিয়ান পিপি সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মো.সাজ্জাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, জেলা–৩-এর সদ্য অতীত জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আবু সাঈদ তালুকদার খোকন, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মো. নাঈম উদ্দিন আলমদার।

অনুষ্ঠানে বান্দরবান,সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ৬০০টি ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মানবিক সেবার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, দুর্যোগের সময় মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সেবামূলক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।