Uncategorized

মহেশখালীতে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুকুরে ডুবে যাওয়া ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে মিসকাত আকতার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয় তেলিপাড়া জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরী ইউনিয়নের তেলিপাড়া এলাকার মো. হাফেজের কন্যা ও ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় তার ছোটবোন শারমিন আকতার (৭) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
তাদের বাবা মো. হাফেজ জানান, শুক্রবার হওয়ায় দুই বোন কাপড় ধুতে স্থানীয় মসজিদের পুকুরে যায়। এ সময় গোসল করতে নেমে এক পর্যায়ে অনেকক্ষণ ডুবে থাকে ছোট বোন শারমিন আকতার। এতে সন্দেহ হওয়ায় তাকে উদ্ধারে ওই স্থানে ডুব দেয় বড় বোন মিসকাত আকতার। সে ডুব দেয়ার কিছুক্ষণ পর ছোটবোন শারমিন অজ্ঞান অবস্থায় ভেসে উঠে। এদিকে মিসকাতকে এক পর্যায়ে লোকজন পানি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে অজ্ঞান দুইবোনকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিসকাত আকতারকে মৃত ঘোষণা করেন। তবে ছোটবোন শারমিন বেঁচে আছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।