এ মুহূর্তের সংবাদ

ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট: আমিরুল হক

সুপ্রভাত ডেস্ক »
বাজেটে অনেক পণ্যের কাঁচামালের ডিউটি কমিয়েছে উল্লেখ করে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) প্রেসিডেন্ট ও চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, আরও কিছু কাঁচামাল আছে যেগুলোর ডিউটি কমানো দরকার।
তাহলে ফিনিশড প্রোডাক্টের ওপর ডিফারেন্স থাকলে আমাদের দেশে ভ্যালু এডিয়েশনটা বাড়বে।
এআইটি ফেরত দেবে এটা খুব ভালো উদ্যোগ। বাজেট মোতাবেক যেন আমরা এআইটি ফেরত পাই।
আগে এআইটি নিলে সেটা ফাইনাল। এখন বলছে ফেরত দেবে।
এটা পজেটিভ, অনেকটা রিলিফ হলো।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।এ ব্যবসায়ী নেতা বলেন, রপ্তানি বহুমুখী করতে নতুন করে বন্ড লাইসেন্স দেওয়া হবে। রেডিমেড গার্মেন্টসের বাইরে নতুন নতুন রপ্তানি পণ্যের জন্য বন্ড লাইসেন্স দেবে। সামনের দিনে বাজার আরও প্রতিযোগিতামূলক হবে। তখন নতুন নতুন পণ্য রপ্তানির সুবিধার জন্য লাইসেন্স দরকার হবে। সরকার চায় এদের সবাইকে বন্ড লাইসেন্স দিতে। এটা একটা প্লাস পয়েন্ট।বাজেট ঘোষণার আগেই বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। আগামী অর্থবছরে বিভিন্ন সেক্টরের জন্য এটা করা হয়েছে। স্বাধীনতার পর এত বড় তহবিল কেউ প্যাকেজ আকারে দেয়নি। প্রথমবারের মতো এটি ভালো উদ্যোগ। আগামী দুই-তিন বছর অর্থনীতিতে একটা ভালো রেজাল্ট দেবে। অর্থমন্ত্রী ও গভর্নরকে আমরা সাধুবাদ জানাই। বন্দর, টার্মিনাল এসব বেসরকারি খাতে করতে পারবে। সরকারের এ পলিসি ভালো উদ্যোগ।তিনি বলেন, ইভি গাড়িতে শুল্ক কমিয়েছে। এটা ভালো দিক। এতে দুই দিকে লাভ হবে। একদিকে জ্বালানি আমদানির নির্ভরতা কমবে। অন্যদিকে গো গ্রিন বা পরিবেশেরও লাভ হবে। বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সোলার এনার্জি খাতে সরকারি পৃষ্ঠপোষকতা দৃশ্যমান হবে।শিক্ষাখাতে বড় বরাদ্দ দেওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কারিগরি শিক্ষায় সবচেয়ে বেশি ব্যয় করা দরকার।আমিরুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানোর জন্য নতুন কর্ড লাইন চালু করার সিদ্ধান্ত এসেছে বাজেটে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় ও খরচ দুটোই বাঁচবে।