আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া সভ্য, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৯ বছর পূর্তি উপলক্ষে রোববার চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুজাহিদুর রহমান বলেন, “জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের বিকল্প নেই। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নির্বাহী বিভাগ থেকে ম্যাজিস্ট্রেসি পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক।”
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা।
তিনি বলেন, বিচার বিভাগকে জনগণের অধিকার ও নিরাপত্তা লাভের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে বিচারক ও আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত বিরোধ নিষ্পত্তিতেও তাঁদের সচেষ্ট থাকতে হবে।
সভায় বক্তারা বলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজের সুযোগ সৃষ্টি করা ছিল দেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের প্রত্যাশা। সংবিধানের ২২ অনুচ্ছেদেও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার নীতির কথা বলা হয়েছে।
তাঁরা বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে মাসদার হোসেন মামলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৯৯ সালে ওই মামলায় আপিল বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ১ নভেম্বর থেকে দেশের অধস্তন বিচার বিভাগ ও বিচারিক ম্যাজিস্ট্রেসি নির্বাহী বিভাগ থেকে পৃথকভাবে কার্যক্রম শুরু করে।
বক্তারা বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিচারপ্রার্থীদের আস্থা অর্জন এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে বিচার বিভাগ, আইনজীবী সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তারা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন, যুগ্ম জেলা জজ সামিউল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, অ্যাডভোকেট সেলিম আকবর ও অ্যাডভোকেট আহসান হাবীব।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

