শারমিন নাহার ঝর্ণা »
বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। আকাশভরা মেঘ, টিপটিপ বৃষ্টি আর চারপাশের সবুজের মাঝে যে ফুলটি সবচেয়ে বেশি নজর কাড়ে, সেই ফুলটি হলো কদমফুল। গোলাকার আকৃতি আর সোনালি-হলুদ রঙের অনন্য সৌন্দর্যে কদম ফুল যেন বর্ষার নিজস্ব অলংকার।
বর্ষার প্রথম বৃষ্টিতে কদমগাছের ডালে ডালে ফুটে ওঠা ফুল প্রকৃতিপ্রেমীদের মনে এনে দেয় অন্যরকম আনন্দ। দূর থেকে দেখলে মনে হয় সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সোনালি বল ঝুলছে। বৃষ্টির পানিতে ধোয়া কদম ফুলের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। কদমগাছ সাধারণত দ্রুত বেড়ে ওঠে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কদমগাছের ছায়া যেমন প্রশান্তি দেয়, তেমনি ফুলের মৃদু সুবাস মনকে করে তোলে সজীব।
শহর ও গ্রাম উভয় জায়গাতেই কদমগাছ দেখা যায়, যদিও শহরে এখন কদম গাছের সংখ্যা কিছুটা কমে এসেছে। বর্ষার দিনে কদম ফুল ফুটে প্রকৃতিকে দেয় এক অপূর্ব সৌন্দর্য। এই কদম ফুল মানুষের মনেও জাগিয়ে তোলে আনন্দ,ভালোবাসা ও প্রকৃতির প্রতি মমত্ববোধ। তাই কদম ফুলকে বলা যায় বর্ষার সৌন্দর্যের এক অনন্য প্রতীক, এই কদমফুল বর্ষা এলে বাংলার প্রকৃতিকে প্রতি বছর নতুন করে সাজিয়ে তোলে।






















































