এ মুহূর্তের সংবাদ

চান্দগাঁওয়ে মাদক মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড

সুপ্রভাত ডেস্ক » 

নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় দুই আসামির ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম উদ্দীন বলেন, সাক্ষ্য-প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।মামলা নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রাতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট হক সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাহমুদ ইসলামের কাছ থেকে ৬০০ পিস এবং ইয়াছিনের কাছ থেকে ৪০০ পিসসহ মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি অমল চন্দ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।