সুপ্রভাত ডেস্ক »
ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় মৃত বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।। বহু বাড়িঘর, রাস্তা, সেতু ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আসামের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, ব্যাপক দুর্ভোগে দিন কাটাচ্ছে রাজ্যের ৬২২টি গ্রামের ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ । প্রায় ৪৫ হাজার ৩৪১ হেক্টর কৃষিজমি এখনো পানির নিচে।
চলতি বছরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শিবসাগর জেলায়। এ জেলায় মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। বন্যায় মৃতদের পরিবারের জন্য এককালীন সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৯ লাখ রুপি করা হয়েছে। এর পাশাপাশি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি পরিবারকে অবিলম্বে ১৫ হাজার রুপি করে নগদ সাহায্য করা হবে, যাতে তারা খাদ্য, পোশাক ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন।

















































