বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রোববার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। গবেষণাকে শুধু গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যার সমাধান ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের স্বয়ংক্রিয় সরবরাহব্যবস্থা, পোশাক কারখানার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অটোমেশন এবং জ্বালানি গ্রিডের দক্ষতা বাড়ানোর মতো ক্ষেত্রে দেশীয় গবেষকদের এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারকে উদ্ভাবন ও শিল্পের সমস্যা সমাধানের কেন্দ্রে পরিণত করতে হবে।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু চাকরিপ্রার্থী তৈরি নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখতে হবে। এ জন্য গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগে নিয়ে আসা এবং দেশে পেটেন্ট সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার অধ্যাপক ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম এবং আই ট্রিপল ই বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এম ইমামুল হাসান ভূঁইয়া।
তিন দিনব্যাপী এ সম্মেলনে ২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষক অংশ নিচ্ছেন। জমা পড়া ৮১২টি গবেষণাপত্রের মধ্যে বাছাই করে ১৮৮টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এ ছাড়া ১১টি মূল প্রবন্ধ ও ১০টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপন করা হবে।
সম্মেলনের আন্তর্জাতিক অংশীদার মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া এবং টেকনিক্যাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন।

