সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল চারটার দিকে বাঁশবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহত ছাত্রীদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে বাঁশবাড়ীয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ওই দুই স্কুলছাত্রীকে ধাক্কা দেয়। আহতরা স্থানীয় বাঁশবাড়ীয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হলেও, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষুব্ধদের অভিযোগ, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাঁশ ও কাঠের দোকানের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এসব দোকানের কারণে শিক্ষার্থীদের বাধ্য হয়ে একদম রাস্তার পাশ ঘেঁষে চলাচল করতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, আহত এক শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে সন্ধ্যা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















































