এ মুহূর্তের সংবাদ

সারোয়ার আলমগীরের ফলাফল নিয়ে আদেশ বৃহস্পতিবার

সুপ্রভাত ডেস্ক »

ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ।

এর আগে ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু ফলাফলটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হয়। কিন্ত আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেবেন। আবেদনে সারোয়ার আলমগীর ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছেন। কিন্তু আমরা বলেছি মুল আপিলের শুনানি না হয়ে এ ধরণের আবেদন যদি গ্রহণ করা হয় তাহলে মুল আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।