এ মুহূর্তের সংবাদ

বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল

সুপ্রভাত ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে প্রতিনিধিত্ব নিয়ে অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেট বোর্ড।

এর একদিন পর আজ সোমবার ঢাকা এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল।

এবারের প্রতিনিধিদলে রয়েছেন ড. মুসাজি (দক্ষিণ আফ্রিকা) এবং ড. মুকুলানি (জিম্বাবুয়ে)। মূলত বিসিবি নির্বাচনের আগে সবকিছু পর্যবেক্ষণ করতেই আসা তাদের। বর্তমান অ্যাডহক কমিটির সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তাদের।

এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এসব পদে প্রতিনিধি মনোনয়ন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বোর্ড ও আইবিসি বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের নাম নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারণ করা হবে। বিসিবি আরও জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারে।

সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করতে পারে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।