মহানগর

শিশুদের চোখের সমস্যা শনাক্তে ৭০ হাজার ডলারের প্রকল্প

মমতার টিকাদানকারীদের প্রশিক্ষণ

সুপ্রভাত ডেস্ক >>

জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও সময়মতো চিকিৎসার আওতায় আনতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উদ্যোগে এনজিও সংস্থা মমতার টিকাদানকারীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

---------

রোববার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে ‘টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা—সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি’ শীর্ষক ৭০ হাজার মার্কিন ডলার তহবিলের প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে মমতার ২৫ জন টিকাদানকারী অংশ নেন। পাশাপাশি ডিসিও’র প্রথম ও দ্বিতীয় বর্ষের ১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রকল্প আহ্বায়ক ডা. সোমা রানী রায়ের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইআইটিসি ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ান শাহীদি, উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রালের ফার্স্ট প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন, সিইআইটিসির কনসালটেন্ট ডা. ফারজানা আক্তার চৌধুরী, প্রকল্পের সদস্য সচিব বোরহান উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. এসকান্দার হোসেন ওয়াসিম, মমতার সহকারী পরিচালক (স্বাস্থ্য কর্মসূচি) প্রবীর কুমার দাশ এবং প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল করিমসহ সংশ্লিষ্টরা।

এর আগে গত ১৪ জুলাই একই প্রকল্পের আওতায় এনজিও সংস্থা মমতার সঙ্গে সিইআইটিসির চুক্তি সম্পন্ন হয়। জার্মানির কাকস্ আই ক্যান্সার ফাউন্ডেশনের সহযোগিতা এবং রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রালের সমন্বয়ে পরিচালিত এ প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ইপিআই টিকাদানকারীদের মাধ্যমে শিশুদের চোখের বিভিন্ন সমস্যা—যেমন দৃষ্টিজনিত জটিলতা ও অন্যান্য চক্ষু সমস্যা—প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। এর মাধ্যমে শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা ও অন্ধত্ব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এ উদ্যোগ।