এ মুহূর্তের সংবাদ

শাহ আমানত বিমানবন্দরে বাতিল আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট

সুপ্রভাত ডেস্ক »

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় ব্যাহত হয়েছে। এই বিমানবন্দরে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

-advertise-

শুক্রবার (২০ মার্চ) রাতে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি আগমন (অ্যারাইভাল) ও একটি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে, সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিমানবন্দরে পুরোপুরি স্থবিরতা না থাকলেও সীমিত আকারে ফ্লাইট চলাচল অব্যাহত ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭টি আগমন ও ৪টি বহির্গমন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে।

এদিকে, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবারের ৪টি বাতিল ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ১৫৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।