শৈল-সৈকত ও দেশগ্রাম

মিরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই >>

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে মোহনা টেলিভিশনের মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

---------

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মিরসরাই সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মিরসরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে।

দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর প্রতিনিধি মাহবুব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত ও মঞ্চের প্রতিনিধি এম. মাঈন উদ্দিন, দৈনিক সমকালের প্রতিনিধি বিপুল দাশ, বণিক বার্তা ও বিজয় টিভির প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকণ্ঠ ও গ্লোবাল টিভির প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস ও মানবকণ্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গুর প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ এবং আরটিভির প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী, আবু সুফিয়ান, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অজয় কুমার দে, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন, বাংলা টিভির প্রতিনিধি দিদারুল আলম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি জাবেদ হোসাইন, ভোরের ডাকের প্রতিনিধি এমদাদ হোসেন ভূঞা, গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি কমল পাটোয়ারী, সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রুপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আটক করে আইনের আওতায় আনতে হবে। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে অনশনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।