মহেশখালী প্রতিনিধি >>
কক্সবাজারের মহেশখালীতে জাতীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরির চেষ্টা ব্যর্থ করেছেন দায়িত্বে থাকা এক আনসার সদস্য। এ সময় চোর চক্রের ফেলে যাওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. সোহাগ হোসেন। এ সময় কেন্দ্রের ভেতরে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখতে পেয়ে তিনি তাদের গতিরোধের চেষ্টা করেন।
এ সময় দুর্বৃত্তরা সিপাহি সোহাগ হোসেনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে তাদের প্রতিহত করার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে চক্রটি তামার তারের কুণ্ডলী ঘটনাস্থলে ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ মেগা প্রকল্পের নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল ও নজরদারি।




















































