গোলাম কিবরিয়া ভূইয়া »
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন কৃতি অধ্যাপকের জীবন ও অবদান নিয়ে দেশের বিশিষ্ট নাগরিকদের মূল্যায়ন, স্মৃতি ও বিভিন্ন আলোকচিত্র এই গ্রন্থে সঙ্কলিত হয়েছে। এই দুই অধ্যাপক হলেন, প্রফেসর এ বি এম হোসেন ও প্রফেসর শাহানারা হোসেন ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস প্রফেসর ছিলেন ড. হোসেন । তাঁর সহধর্মিনী প্রফেসর শাহানারা ছিলেন ইতিহাস বিভাগের প্রফেসর (অবসরের পর ইউজিসি প্রফেসর) । এই দুজন ইতিহাসবিদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ঝঙঅঝ
থেকে পিএইচডি অর্জন করেন ১৯৬০ এর দশকের শুরুতে । রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার (১৯৫৩) পর যেসব শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়টিকে দেশ ও বিদেশে পরিচিত করেছিলেন এদের মধ্যে অন্যতম ছিলেন এই দুই ইতিহাসবিদ। এবিএম হোসেন ছিলেন মুসলিম শিল্পকলা ও স্থাপত্যের বিশেষজ্ঞ এবং শাহানারা হোসেন ছিলেন প্রাচীন বাংলার সামাজিক ইতিহাসের বিশেষজ্ঞ গবেষক। এবিএম হোসেন (১৯৩৪-২০২০) এবং শাহান আরা হোসেন (১৯৩৭-২০১৯) ১৯৬০ দশকের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। এবং শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানের মাধ্যমেই শেষ করেন। ১৯৭১- এর মুক্তিযুদ্ধকালীন এই দুই কৃতি শিক্ষক একাধিকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও উদারনৈতিক চিন্তা বিসর্জন দেননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক উন্নয়নে দুজনেই মূল্যবান ভূমিকা রেখেছেন।
বর্তমান গ্রন্থটি তিনটি ভাগে বিন্যস্ত রয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত স্মৃতি নির্ভর লেখা এবং দুই অধ্যাপকের পারিবারিক ও কর্মজীবন ভিত্তিক ফটো অ্যালবাম। গ্রন্থটিতে বাংলা ও ইংরেজি ভাষায় মোট ৪১টি লেখা রয়েছে । সম্পাদক ছাড়াও উপদেষ্টা সম্পাদক রয়েছেন তিনজন এবং একটি সম্পাদনা পরিষদ রয়েছে । সম্পাদনা পরিষদে রয়েছেন সাতজন ইতিহাসবিদ যাঁরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পরিচিত। লেখকদের মধ্যে এই দুই কৃতি অধ্যাপকের সহকর্মী, গবেষক, প্রাক্তন শিক্ষার্থী, বন্ধু ও পরিবারের সদস্যরা রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- অধ্যাপক সনৎকুমার সাহা (অর্থনীতিবিদ), অধ্যাপক আখতারুজ্জামান ( প্রাক্তন উপাচার্য, ঢা বি), অরুণ কুমার বসাক (ইমেরিটাস অধ্যাপক), অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক শফিকুল্লাহ, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক আব্দুল খালেক (প্রাক্তন উপাচার্য রা বি), অধ্যপক ফায়েক উজ্জামান (উপাচার্য খু বি), অধ্যাপক মুঈন হোসেন ও আবহার রূখ হোসেন।
লেখকদের স্মৃতিমূলক লেখাতে দুই কৃতি অধ্যাপকের নানা প্রসঙ্গ আলোচিত হয়েছে। দুজনেই ছিলেন আন্তর্জাতিক ভাবে পরিচিত ইতিহাসবিদ। এই স্মৃতি তর্পনের মাধ্যমে গ্রন্থের লেখকবৃন্দ অত্যন্ত আন্তরিকতা সহকারে এবি এম হোসেন ও শাহানারা হোসেনের গবেষণা ও কর্মজীবনকে মূল্যায়ণ করেছেন যা আমাদের দেশের কৃতি সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
ভরা থাক স্মৃতি সুধায়
সম্পাদক : প্রফেসর ফায়েক উজ্জামান
প্রকাশক : পুণ্ড্র প্রকাশন, কাঁটাবন, ঢাকা।
প্রকাশকাল : ২০২৬
মূল্য : ১০০০/- টাকা, পৃষ্ঠাসংখ্যা-৩০২





















































