এ মুহূর্তের সংবাদ

সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ বুধবার

সুপ্রভাত ডেস্ক »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদনের আদেশের জন্য বুধবার (২৯ জুলাই) দিন ধার্য করেছে আপিল বিভাগ।

-advertise-

মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করেছেন। বেঞ্চের অন্যান্য তিন সদস্য হলেন বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।

গত ১২ জুলাই আপিল বিভাগে এ আবেদন করেন মুহাম্মদ নুরুল আমীন। পরদিন ১৩ জুলাই আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি ১৯ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর ২১ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানি মুলতবি করে ২৭ জুলাই ধার্য করা হয়।

​পরে সোমবার আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় ২০ নম্বর ক্রমিকে ওঠে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার কার্যতালিকার ১৯ নম্বরে উঠে আসে আবেদনটি। এদিন আদেশের দিন ধার্য থাকলেও আপিল বিভাগ পুনরায় বিস্তারিত পর্যালোচনা শেষে বুধবার নতুন করে আদেশের দিন ধার্য করে।

​আদালতে আবেদনকারী জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

​শুনানি শেষে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের  বলেন, আবেদনকারীর পক্ষ থেকে আমরা আদালতে মূলত হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করা এবং সরোয়ার আলমগীর যাতে জাতীয় সংসদের কোনো অধিবেশনে যোগ দিতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা জারির আদেশ চেয়েছি।

​মামলার প্রক্রিয়া সম্পর্কে এই আইনজীবী বলেন, বিষয়টি প্রথমে চেম্বার আদালতে উত্থাপিত হয়েছিল। চেম্বার বিচারপতি এককভাবে আদেশ না দিয়ে আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল শুনানি শেষে আজ (মঙ্গলবার) আদেশ দেওয়ার কথা থাকলেও আদালত বিষয়টিতে বিস্তারিত পর্যালোচনা করে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। আপিল বিভাগ চূড়ান্ত আদেশ দিলে সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।