মহানগর

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সংবাদ সম্মেলন

খালাসী পদে আদালতের রায় বাস্তবায়নে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় ও চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম »

খালাসী পদে আদালতের রায় বাস্তবায়নে অপপ্রচারের অভিযোগ তুলেছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির নেতৃবৃন্দ। রোববার (২ আগস্ট)  দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এর প্রতিবাদও জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ‘৮৬৫ জন খালাসি পদের ঘোষিত ফলাফল থেকে অধিকার বঞ্চিতদের পক্ষে আদালতের রায় বাস্তবায়নে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। ২০১০ সালে ৮৬৫ জন খালাসি পদে একটি সার্কুলার হয় এবং সেই সার্কুলারের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং উক্ত পরীক্ষায় দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয় ২০১৯ সালে। বিভিন্ন কারণে নিয়োগ পাওয়া রেলওয়ে পোষ্যদের নিয়োগ পত্র দেওয়া স্থগিত হয়। পরবর্তীতে রেলওয়ে পোষ্য কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদালতে রিট পিটিশন দায়ের করেন এবং সেই পিটিশনের ভিত্তিতে ৬৬ জনকে নিয়োগ কমিটি গত ৮ জুলাই নিয়োগপত্র প্রদান করেন। অন্যান্যরা নিয়োগপত্র পাওয়ার প্রক্রিয়াধীন আছেন।’ তিনি আরও বলেন, ‘এরপরও একটি নিয়োগ সিন্ডিকেট এই নিয়োগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তোলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির নেতৃবৃন্দ। পরবর্তীতে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।’

নেতৃবৃন্দ বলেন, আদালত রায়ে সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছেন- প্রতিপক্ষগণকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যোগ্য আবেদনকারীদের অনুকূলে পোষ্য কোটা সংরক্ষণপূর্বক নিয়োগপত্র প্রদান করতে হবে, যদি তারা অন্য কোনো বৈধ কারণে অযোগ্য না হন। এই নির্দেশনার মাধ্যমে আদালত তিনটি মৌলিক বিষয় নিশ্চিত করেছেন। এগুলো হলো- পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে, যোগ্য আবেদনকারীদের নিয়োগপত্র প্রদান করতে হবে এবং শুধুমাত্র অন্য কোনো বৈধ কারণে অযোগ্য হলে নিয়োগ প্রদান না করার সুযোগ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সদস্য সঞ্জয় কুমার ও জামাল উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, চট্টগ্রামের প্রচার সম্পাদক মো. শাকিল প্রমুখ।‌