মহানগর

বহদ্দারহাটে চসিকের অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এতে পথচারী ও যানবাহন চলাচলের জন্য দীর্ঘদিন দখলে থাকা সড়ক ও ফুটপাত উন্মুক্ত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারহাট মোড় হয়ে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

---------

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করা হয় সড়কের বিভিন্ন অংশ। ফলে ওই এলাকায় পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলের জায়গা স্বাভাবিক হয়।

চসিক সূত্র জানায়, নগরের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট স্থাপন করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দগাঁও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।