সুপ্রভাত ডেস্ক »
বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এরই অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
বাঁশখালীতে চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার সংলগ্ন ভাদালিয়া এলাকায় এবং সরল ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ মানুষের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে চউক সবসময় আন্তরিক। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। চেয়ারম্যান মহোদয় ইতোমধ্যে আমাদের সেই নির্দেশনা দিয়েছেন। সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে মানুষের প্রয়োজনে চউকের সহায়তা অব্যাহত থাকবে। চউকের ত্রান সহায়তা পেয়ে জনগণও চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

















































