শৈল-সৈকত ও দেশগ্রাম

টেকনাফে ৫কোটি টাকার আইস জব্দ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা >>

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বাহিনীটি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ থানার শাহপরী এলাকার নাফ নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা ব্যক্তিরা তা অমান্য করে দ্রুত পাশের গোলারচর এলাকায় নৌকাটি রেখে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক ও নৌকার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।