বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
মহানগর

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

---------

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে চট্টগ্রামের সিভিল সার্জন পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (রিলিজ) বলে গণ্য করা হবে।