
নিজস্ব প্রতিনিধি, মিরসরাইঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রাসেল (৪০) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনি (৩৫)কে পুলিশ হেফাজতে নিয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে নোয়াখালীর মাইজদী এলাকার ফারুকের মেয়ে মনির সঙ্গে ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকার রুহুল আমিনের ছেলে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা উত্তর সোনাপাহাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো, এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
স্থানীয়রা আরও জানান, আজ বৃহস্পতিবার ভোরে পিকআপচালক রাসেল বাসায় ফিরে নাস্তা করে ঘুমিয়ে পড়েন। এ সময় স্ত্রী মনি তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে পায়ে ও তার যৌনাঙ্গে গুরুতর আঘাত করে। এসময় রাসেলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাসেলের চাচাতো ভাই মো. শাহাদাৎ অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় মনি তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে রাসেলকে কুপিয়ে জখম করেন।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি বঁটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।








































