অপ্রেমে
অমল বড়ুয়া
এই শহরে তোমার সাথে দেখা হওয়া দুস্কর
বিস্তর খাটাখাটুনির ধকল সয়ে
নিস্তব্ধ কোলাহলের ব্যাকুল মুখরতা
যাযাবর বেদুইন জীবনের আহ্লাদে
ব্যস্ততা কিংবা দোনোমোনোয় অথবা অবহেলায়
কেটে যায় সময়
ধুলো জমে ধুসর হয় সম্পর্কের আদিগন্ত;
এক শহরে একই আলো-বাতাসে
আকাশের বিশালতায় একই পথে চলি দু’জন
যন্ত্রযানের বিহ্বলতা আমাদের অকিঞ্চন স্বপ্নরা
হাওয়ায় মিলাই,
সুক্ষ্নাতিসুক্ষ্ন অভিমানে
প্রেমহীন দিনে বিরহে
অনিচ্ছায় অদেখায় দিনগুলো
নিদ্রাহীন তমশায় দূরে
নিমগ্ন হয় অনুভবহীন সম্পর্ক
অপ্রেমে অবজ্ঞায়।।
জন্ম দৃশ্য ও নগ্ন দৃশ্য
আহাম্মদ উল্লাহ
কেবলি জন্ম হয় নগ্ন দৃশ্যের।
নগ্ননীতির।
নগ্ন মুখের।
ফুল ও বসন্তের উৎসব শেষ হলে
জন্ম নেয় নগ্নতা।
নগ্ন মুখে চড়ে সবে-
রোদ, শস্য, জল, নিভৃতচারী জোছনায়
শত প্রতিশ্রুতি, রোদন আর
দীঘল পঙক্তির মুণ্ডপাত –
হা হা হা সে কী এক দৃশ্য!
জন্ম দৃশ্যর পর-
কেবলি জন্ম হয় নগ্ন দৃশ্যের ।
বহমান থাকে পদ চুম্বনে।





















































