এ মুহূর্তের সংবাদ

৫ কোটি মানুষের গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে

ফাইল ছবি

সুপ্রভাত ডেস্ক »

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রত্যেকটি সাংবিধানিক পথই হলো সংস্কারের মূল কাঠামো।

এগুলো সংস্কার করা না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা সেখানে ‘না’ বলেছেন। অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন—আমরা মেনে নেব।

তিনি আরও বলেন, ৫ কোটি মানুষ সরাসরি ভোট দিয়ে আপনাদের সেই ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) খারিজ করে দিয়েছে। জনগণের সেই সামনে আপনাদের ওই আপত্তির কোনো কার্যকারিতা নেই।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের ব্যালটে যে চারটি প্রশ্ন সেখানেও নোট অব ডিসেন্ট নেই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে দেড় বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাবে? বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত এই আকাঙ্ক্ষা আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্ত আন্দোলনের দিকে শহীদদের ঠেলে দেন, জাতির কাছে আপনাদের নির্মম পরিণতি বরণ করতে হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ৫ আগস্টের বিপ্লব থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমি আজকের এই ময়দানে উপস্থিত সবাইকে আহ্বান জানাবো ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ মিছিল, সেমিনার গোল টেবিল দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে, জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন। রাজপথেও লড়াই চলবে। জুলাইয়ে রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।