শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

১১ দলীয় ঐক্যের লংমার্চ: মিরসরাইয়ে বড় সমাগমের প্রস্তুতি

মিরসরাই >>

গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল-গ্যাস সংকট নিরসন, সারের কৃত্রিম সংকট দূর করা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে মিরসরাইয়ে বড় সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

---------

মিরসরাইয়ের ধুমঘাট থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ৬৪ কিলোমিটার সড়কের ২৪টি স্থানে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। শুক্রবার বিকেলে মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মিরসরাইয়ের পথসভায় প্রায় ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মীর উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্লাহ নিজামী, খেলাফত মজলিস মিরসরাই সভাপতি মাও. মফিজুল হক, এনসিপির মিরসরাই সমন্বয়ক আরিফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মিরসরাই জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি রায়হান উদ্দিন, মিরসরাই শিবিরের সভাপতি শাকিবুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, ছয় দফা দাবিতে সারা দেশে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্যজোট। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী মাঠে গণজমায়েতের আয়োজন করা হয়েছে।

গণজমায়েতে যোগ দিতে শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে ৫ শতাধিক গাড়িযোগে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। পথে মিরসরাই সদরসহ ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

লংমার্চটি শনিবার বিকেল ৫টার দিকে মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, “শনিবার সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ৫ শতাধিক গাড়ি নিয়ে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। পথে আরও গাড়ি যুক্ত হবে। আমরা ধারণা করছি, প্রায় দুই সহস্রাধিক গাড়ি নিয়ে লংমার্চের বহর চট্টগ্রামে পৌঁছাবে।”