শৈল-সৈকত ও দেশগ্রাম

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি >>

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

---------

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্য আমিলাইষ সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের দুই সন্তান মাহিয়া আক্তার (৬) ও মোহাম্মদ মাহিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই-বোন নদীর পানিতে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।”