বিজনেস

সরকারের নীতিগত সিদ্ধান্তে পটিয়ায় ব্যাংকিং লেনদেন স্বাভাবিক

স্বস্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তারল্য সংকট নিরসনে সরকারের নতুন নীতিগত সিদ্ধান্তের পর চট্টগ্রামের পটিয়ার ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। এতে সাধারণ গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে।

---------

পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার সকাল থেকে পটিয়ার বিভিন্ন ব্যাংক শাখায় লেনদেন স্বাভাবিক হতে দেখা গেছে। বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংক ইউনিটের ইউনিয়ন ব্যাংক পটিয়া শাখায় গ্রাহকদের মধ্যে স্বস্তির চিত্র দেখা যায়।

সরেজমিনে পটিয়া সদরের প্রধান প্রধান সরকারি-বেসরকারি ব্যাংকের শাখাগুলো ঘুরে দেখা যায়, ক্যাশ কাউন্টারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে টাকা জমা ও উত্তোলন করছেন গ্রাহকেরা। দীর্ঘদিনের স্থবিরতা ও আতঙ্ক কাটিয়ে সোমবার সকাল থেকেই ব্যাংকগুলোতে লেনদেনের স্বাভাবিক চিত্র ফিরে আসে।

স্থানীয় ব্যবসায়ী কানু লাল দাশ বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে ব্যাংকিং খাত নিয়ে তৈরি হওয়া সংশয় অনেকটাই কেটে গেছে। এখন জরুরি লেনদেন, ব্যবসায়িক পেমেন্ট ও পারিবারিক প্রয়োজনে অর্থ উত্তোলন করা সম্ভব হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিও নতুন করে গতিশীল হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক ইউনিটের ইউনিয়ন ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার নুরুল আলম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর ব্যাংকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। গ্রাহকদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য সার্বিক তদারকি বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকেরা স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ব্যাংকিং সেবা নিতে পারছেন।