এ মুহূর্তের সংবাদ

রাউজানে গুলি করে যুবক হত্যায় অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের রাউজানে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ কাউছার জামান বাবলু (৩৪) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

শনিবার (২৫ এপ্রিল) রাতে পূর্ব রাউজান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— বাবলু হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) ও ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় আবুল নঈম সওদাগর বাড়ির সামনে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত বাবলুকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পিঠের বাম পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাবলু পূর্ব রাউজান এলাকার আবুল কালামের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় পুলিশের একটি দল শনিবার রাতে বিশেষ অভিযান চালায়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।