মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে নুরুন নাহার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

---------

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার ওই এলাকার আমিনুল হকের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ভুলবশত ওষুধ মনে করে তিনি ইঁদুর মারার একটি ট্যাবলেট সেবন করেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাঁকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তবে চট্টগ্রাম নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন জানান, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।