এ মুহূর্তের সংবাদ

নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি অ্যাম্বুলেন্স।

-advertise-

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা মৃত নবজাতকের মা ও স্বজনসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন, মা মনোয়ারা বেগম, চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন এবং নানি বিউটি বেগম। তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে শিশুটির মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীর নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে।

সড়কে থাকা একাধিক পিকআপ ভ্যানের মধ্যে একটি হঠাৎ গতি কমিয়ে দিলে তার পেছনে থাকা একটি মাছবাহী পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। একই সময়ে পেছনের দিক থেকে দ্রুতগতিতে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ওই পিকআপ ভ্যানগুলোকে সজোরে ধাক্কা দেয়। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সচালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পিকআপের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীরা আঘাত পেয়েছেন, তবে তারা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) সকালে নবজাতকটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।