এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীকে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক দাসকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার অনিক দাস আনোয়ারা থানার কৈনপুরা গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, নিহত আশফাক কবির সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। পড়াশোনার কারণে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে সাজিদের সঙ্গে তার বন্ধু ফারদিন হাসান এবং স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধ তৈরি হয়। গত ১২ এপ্রিল বিকেলে ফারদিনের সঙ্গে দেখা করতে গেলে সাজিদকে কিশোর গ্যাং-এর সদস্যরা মারধর করে। একপর্যায়ে তাকে ভবনের ৮ম তলার লিফটের খালি গর্তে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিক দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।