নিজস্ব প্রতিবেদক »
নগরীর দামপাড়া গরীবুল্লাহ শাহ (র.) মাজারের খাদেমসহ ইমাম মুয়াজ্জিনদের হুমকি এবং দুই কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নগরীর খুলশি থানায় অভিযোগ (জিডি ট্র্যাকিং নম্বর L8JT3V) করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একদল উশৃংখল লোক শুক্রবার জুমার নামাজের আগে মাজারের ক্ষতি সাধন করার জন্য খাদেমসহ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে তারা মাজারের টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা সরে যায়।
এসময়ে ওই উশৃংখল লোকজন খাদেম ও ওয়াকিফের (যিনি জমি দান করে ওয়াকফ সৃস্টি করেন) বংশধরদের তাদের গদি থেকে জোরপূর্বক তুলে দেয়। তারা মাজারের কর্মী শাহ আলম ও ইউসুফকে লাঞ্ছিত ও মারধর করে।
এ বিষয়ে জানতে গরীবুল্লাহ শাহ (র.) মাজারের মোতোয়াল্লি ও সিনিয়র সাংবাদিক আলহাজ মোহাম্মদ আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি (গরীবুল্লাহ শাহ (র.) মাজার) একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এর পবিত্রতা বজায় রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এটি একটি বৃহত্তম কবরস্থান, এখানে একটি বিশাল মসজিদ ও এতিমখানা রয়েছে। এখান থেকে নানারকম কল্যাণমুখী কাজ করে যাচ্ছি আমরা। কাজেই এখানে কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টি হলে তা ধর্মপ্রাণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, এখানে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে না হয়। কারো কোনো অভিযোগ থাকলে তা তারা মাজারের মতোয়াল্লিকে জানাতে পারেন।’


















































