শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

আনোয়ারায় সিএনজির গ্যাস সিলিন্ডারে মিলল ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

---------

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়া পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এর দুই আরোহী পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।