এ মুহূর্তের সংবাদ

শোকাবহ ১৫ আগস্ট আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক »

শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী।

-advertise-

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়। বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদাতবরণ করেন তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।

বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

পরিবর্তিত এক পরিস্থিতিতে এবার দিবসটি এলো। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান। জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগেরও কোনও আনুষ্ঠানিক কর্মসূচি পাওয়া যায়নি।