সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মোহাম্মদ সোহান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৭টার দিকে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ সোহান উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান মনুমিয়া চৌধুরীপাড়ার জহির উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় সোহান। ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এজাজুল ইসলাম সিহাব বলেন, সাপের কামড়ে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।



















































