শৈল-সৈকত ও দেশগ্রাম

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, চমেকে ভর্তি

সুপ্রভাত ডেস্ক >>

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় নিজের জমিতে চাষাবাদ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক আহত হয়েছেন।

---------

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্বজয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফা ছেলে।

জানা যায়, সীমান্তের পাশে নিজের জমিতে চাষাবাদ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি মোশাররফের পিঠের বাঁ পাশে এসে লাগে। এতে তিনি আহত হন। এসময় আহত মোশাররফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে তাকে ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়।

আহত কৃষকের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকরা তার শরীর থেকে কয়েকটি গুলির অংশ বের করেছেন। তবে শরীরের ভেতরে আরও গুলির অংশ রয়ে গেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

এবিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, “সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোশাররফ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পিঠে গুলির আঘাত রয়েছে।”