সুপ্রভাত ডেস্ক »
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ইতিবাচক ও সংস্কারমুখী হিসেবে স্বাগত জানিয়েছে Chittagong Stock Exchange PLC (সিএসই)। তবে দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, গভীর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বাজেট চূড়ান্ত করার আগে ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৪ জুন) দুপুরে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির বাজেটোত্তর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার। সিএসই সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসই’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, শেয়ার হোল্ডার ডিরেক্টর মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে পুঁজিবাজার-সংক্রান্ত নীতি ও কৌশল অন্তর্ভুক্ত হয়েছে, যা বাজার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury ঘোষিত দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে সিএসই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি ও নিয়ন্ত্রক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে স্বর্ণ, রৌপ্য ও ক্রুড পাম অয়েলভিত্তিক ফিউচার পণ্যের লেনদেন চালুর পরিকল্পনা রয়েছে।
পুঁজিবাজারের বিকাশে সিএসইর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নবগঠিত কমোডিটি এক্সচেঞ্জ সেগমেন্টের জন্য পাঁচ বছরের কর অবকাশ সুবিধা, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান বর্তমান প্রস্তাবিত ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা এবং নতুন তালিকাভুক্ত কোম্পানিকে প্রথম তিন বছর করমুক্ত সুবিধা প্রদান।
এছাড়া ডিজিটাল অবকাঠামো উন্নয়নে অনাবাসী প্রযুক্তিগত সেবার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং সফটওয়্যার রক্ষণাবেক্ষণ সেবায় ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
বন্ড বাজারের উন্নয়নের লক্ষ্যে জিডিপির অন্তত ২ শতাংশ সমপরিমাণ করপোরেট বন্ড বাজার গড়ে তোলার সুপারিশ করেছে সিএসই। পাশাপাশি জিরো কুপন বন্ডের বিদ্যমান কর অব্যাহতি বহাল রাখা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ওপর বর্তমান ২০ শতাংশ চূড়ান্ত কর ব্যবস্থাও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও অতিমাত্রায় ব্যাংকনির্ভর। স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ বিতরণ আর্থিক খাতে ঝুঁকি তৈরি করছে। শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা জরুরি।
বাজারের গভীরতা ও তারল্য বাড়াতে জাতীয় সঞ্চয়পত্রকে ট্রেডেবল ইনস্ট্রুমেন্টে রূপান্তরেরও সুপারিশ করেছে সিএসই। পাশাপাশি চট্টগ্রামকে প্রকৃত অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন এবং আর্থিক ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় পর্যায়ক্রমে চট্টগ্রামে স্থানান্তরের আহ্বান জানানো হয়।
সিএসই নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার পুঁজিবাজারকে কেবল শেয়ার লেনদেনের ক্ষেত্র হিসেবে নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করবে এবং বাজেট চূড়ান্তকরণের সময় তাদের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
বাজেটে কমোডিটি এক্সচেঞ্জের পাশাপাশি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিইটস), এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), ইনডেক্স হেজিং ও কারেন্সি হেজিং ইন্সট্রুমেন্ট চালুর সম্ভাবনা পর্যালোচনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সিএসই। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম গ্রিন বন্ড, সুকুক, করপোরেট বন্ড এবং বিভিন্ন ধরনের ডেরিভেটিভস লেনদেনের জন্য প্রস্তুত রয়েছে।
সিএসই আরও জানায়, আইপিও প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও সময়সীমাবদ্ধ করার সরকারি উদ্যোগ বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। একই সঙ্গে শেয়ার লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা বর্তমান টি+২ থেকে ধাপে ধাপে টি+০ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারে তারল্য বৃদ্ধি পাবে এবং মূলধনের ব্যবহার আরও কার্যকর হবে। এ ক্ষেত্রে ইনট্রা-ডে স্যাটেলমেন্ট চালুর জন্যও তারা প্রস্তুত রয়েছে।
সিএসই নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সংস্কারমুখী নীতি ও বাজেটে ঘোষিত পদক্ষেপগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজার একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে পরিণত হবে। এ লক্ষ্য অর্জনে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।



















































