এ মুহূর্তের সংবাদ

নির্বাচন রোডম্যাপ প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ ১৬ এপ্রিল

সুপ্রভাত ডেস্ক »

নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। এ নিয়ে সময় চাওয়া হলে বিএনপিকে আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা।

-advertise-

আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিএনপি সরকারের কাছে সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ জানতে চাইবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও আলাপ করবে।

সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো ‘নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে’ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

কিন্তু তার এ বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে।

গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ‘ধোঁয়াশা’ ও ‘অস্পষ্টতার’ অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি।

এবার এ দাবিতে তারা আরও সক্রিয় হচ্ছে।