নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা দূতাবাসে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী, ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের এটিই প্রথম আবেদন।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। সোমবার তার সহযোগীরাও জানান, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। পরে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, অনেকে আবার ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

