জীবনের ঘাটতি
বজলুর রশীদ
সম্পর্কটা অবশেষে চলে গেছে
ফেলে গেছে অস্বস্তি সমস্ত প্রহরজুড়ে
অনিবার্য কেন প্রণয়ের জন্য নির্বাসন
বরং প্রতীক্ষায় আছি বিবৃতির অপেক্ষায়
এই হালকা দুপুরে-
শীত জেগে উঠলে নাকি
কতকিছুই-না বার্তা পৌঁছায়!
তোমার কাছে যে বিবৃতি উষ্ণতা জমায়
সে-ই কে জানে
দেখ ঘুরতে ঘুরতে ফিরে এলো
জীবনের ঘাটতি নিয়ে
প্রতিশ্রুত সেই সব দহন জুড়ায়
হয়তো বা-
নিজেরাই ভুলে যাই
কারো কারো আর্তনাদের সুর জেগে ওঠে
অদৃশ্য শব্দছকের দেয়াল লিখে…
মথিত উর্বশী
মোস্তাফিজুল হক
পথ আগলে দিয়ে চোখ বেঁধে ফেলে কেউ,
ব্যাধিগ্রস্ত বুক চিড়ে ন্যূনতম প্রেম খোঁজে।
খর্বাকৃতি দেহখানি অর্ফিয়ুস হয়ে ওঠে,
আর আমি হয়ে উঠি ক্যামাক্লাস!
তার বিপরীতে বিলোপন ঘটে যায় আমার বোধের ভাষা,
প্রণয় মিটিয়ে আমি মথিত উর্বশী হয়ে ফিরে যাই গৃহে।

