ডিজিটাল ব্যাংকের পতনে বিপাকে পড়েছেন প্যারাগুয়ের লাখ লাখ আমানতকারী। দেশজুড়ে বিক্ষোভের মধ্যে সেই সংকটের দায়ে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্টের পদ থেকে সরানো হয়েছে সান্তিয়াগো পেনিয়াকে। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ডিজিটাল ব্যাংক উয়েনো বন্ধ হয়ে যাওয়ার পর দেশটিতে আর্থিক সংকট তৈরি হয়। ব্যাংকটির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের হাতে যাওয়ার পর আমানতকারীরা নিজেদের সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার তীব্রতা সবচেয়ে বেশি রাজধানী আসুনসিওনে।
ব্যাংকটির পতনের ঘটনায় পেনিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেয় আইনপ্রণেতারা। বৃহস্পতিবার নিজেই পদত্যাগের প্রস্তাব দিলেও তা গ্রহণ না করে অসদাচরণের অভিযোগে অভিশংসনের প্রস্তাব আনা হয়। শুক্রবার নিজ দলের সদস্যসহ আইনপ্রণেতাদের ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। এর কয়েক মিনিট পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার পেনিয়ার হাতে ছিল। তবে কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির পতনের পর প্রায় ৩০ লাখ আমানতকারী তাঁদের সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। দেশটির অর্ধেকের বেশি মানুষ এ সংকটের কারণে নিজেদের জমানো অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পেনিয়ার বিরুদ্ধে অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, তিনি স্বার্থের সংঘাত তৈরি করেছেন, নিয়ন্ত্রক সংস্থার তদারকি প্রক্রিয়ায় কারসাজি করেছেন, পেনশন তহবিলের অর্থ অন্য খাতে সরিয়েছেন এবং কেন্দ্রীয় ব্যাংককে ঘিরে প্রাতিষ্ঠানিক অনিয়ম ধামাচাপা দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন।
৪৫ সদস্যের সেনেটে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন ৪৪ জন। একজন ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। ভোটের পর সেনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
অভিশংসনের ফলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া দায়মুক্তি এবং আজীবনের জন্য সেনেটের সদস্য থাকার সুযোগও হারিয়েছেন পেনিয়া।
এদিকে বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো ও অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিলভিয়া মার্গারিটা গনজালেস ভেস্টার।
পেনিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২৮ সাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালনের কথা রয়েছে।
আলিয়ানা বলেছেন, “আর্থিক খাতের এই ধসের কারণে যারা কঠিন সময় পার করছেন, তাদের পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।”
এদিকে পেনিয়ার অভিশংসনকে দেশটির গণতান্ত্রিক ইতিহাসের বড় ঘটনা হিসেবে দেখছেন আইনপ্রণেতারা। সেনেটর রাফায়েল ফিলিজোলা বলেন, “আমাদের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারির মুখোমুখি আমরা। এটি রাষ্ট্র, সাধারণ মানুষ এবং দেশের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তির ওপর বড় আঘাত।”
বিশ্লেষকদের ধারণা, ব্যাংকটির পতনের ঘটনায় পেনিয়ার বিরুদ্ধে এবার ফৌজদারি মামলা হতে পারে।
তবে পেনিয়ার আইনজীবী রিকার্দো প্রেদা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘বেপরোয়া’, ‘দায়িত্বজ্ঞানহীন ও সুযোগসন্ধানী’ বলে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেনিয়া দুঃখ প্রকাশ করে বলেন, “আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, তা ভঙ্গ করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।”

