বিজনেস

সীতাকুণ্ড শিপইয়ার্ডে দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক >>

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ভয়াবহ দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

---------

শুক্রবার (১৪ আগস্ট) বিএসবিআরএর সভাপতি মো. মহসিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানের জাহাজের মধ্যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক নিহত ও আহত হন। ঘটনার কারণ উদঘাটনে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দিতে কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসবিআরএর টেকনিক্যাল উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরীকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসবিআরএর উপদেষ্টা মো. নাঈম শাহ ইমরান, টেকনিক্যাল কনসালট্যান্ট ক্যাপ্টেন সিরাজুল মোল্লা এবং এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। বিএসবিআরএর ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

চিঠিতে তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ, সংশ্লিষ্ট বিষয় ও সম্ভাব্য দায়-দায়িত্ব খতিয়ে দেখে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে শুক্রবার সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্যে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।