মহানগর

সাম্য ও মানবতার প্রতীক নজরুল

জাতীয় কবির জন্মবাষিকী উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “জাতীয় কবি নজরুল ইসলাম একজন স্বাধীন ও অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তিত্ব। শিশুকাল থেকেই তাঁর বহুমাত্রিক প্রতিভা বিকশিত হতে আমরা দেখেছি। তিনি আমাদের জন্য অগ্রসর চিন্তা-চেতনার প্রতীক হয়ে থাকবেন। কবি নজরুল ইসলামের দেখানো সাম্য ও মানবতার মুক্তির পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। ”

তিনি ২৫শে মে বিকাল ৪ টায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

-advertise-

অনুষ্ঠানে “বিদ্রোহীর শতবর্ষ” শীর্ষক প্রতিপাদ্যের উপর রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। রিসোর্স পারসন রাশেদ রউফ বলেন, কবি নজরুল ইসলামের আর্বিভাব ধূমকেতুর মতো। এরপর আর থেমে থাকেননি। শিল্প-সাহিত্যের সব শাখায় প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। জাতিকে জাগিয়েছেন। মানুষকে চির উন্নত মম শির হতে বলেছেন। তাঁর কবিতা থেকে নতুন সম্ভাবনা ও শক্তি এসেছে। তিনি সকল দ্বিধা ও জটিলতামুক্ত এবং অফুরন্ত প্রাণশক্তির মানুষ।

এছাড়া এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বিদ্রোহীর শতবর্ষ” শিরোনামে রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জয়ধ্বনির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি