এ মুহূর্তের সংবাদ

সাতকানিয়ায় গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

সুপ্রভাত ডেস্ক »

সাতকানিয়ায় গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত মো. সেলিম কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে।

আহতরা হলেন- মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)। 

এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে। 

আবুল খায়ের বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 জানা যায়, ঈদের দিন সকালে দুই ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কয়েকশ মানুষ চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। 
 

সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, চোর সন্দেহে সেলিম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।