এ মুহূর্তের সংবাদ

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) সকালে সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিলে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। মিছিলের একটি ভিডিও শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, মিছিলটিতে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি একটি ব্যানার সহকারে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। সেখানে লেখা, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও ছাত্রদের উপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক শাস্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচে লেখা ছিল সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নাম।

এ ছাড়াও ব্যানারের নিচের অংশে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি।  জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।